‘পাকিস্তানের ম্যাচ বয়কট ভারতের জন্য বিপর্যয়’—বললেন মার্ক বুচার

বাংলাদেশকে নিয়ে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সামনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়তে পারে আয়োজক ও সম্প্রচারকারীরা।

সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মার্ক বুচার মনে করেন, ম্যাচটি বাতিল হলে সেটি ভারতের জন্য যেমন বড় ধাক্কা হবে, তেমনি আইসিসির জন্যও হবে এক ভয়াবহ বিপর্যয়। কারণ ভারত-পাকিস্তান ম্যাচকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক ও আকর্ষণীয় লড়াই হিসেবে ধরা হয়।

স্টিক টু ক্রিকেট পডকাস্টে দেওয়া এক মন্তব্যে বুচার বলেন, “ক্রিকেট দুনিয়ায় ভারত সবচেয়ে ক্ষমতাধর ও ধনী দেশ। বাস্তবতা হলো, অনেক সময় ভারত নিজের মতো করেই সব সিদ্ধান্ত প্রভাবিত করে। পাকিস্তান যেন সেখানে ছোট ভাইয়ের অবস্থানে। চ্যাম্পিয়নস ট্রফির সময়ও দেখা গেছে, ভারত পাকিস্তানে খেলতে রাজি হয়নি এবং পুরো সূচি নতুন করে সাজাতে হয়েছে। এতে শুধু পাকিস্তান নয়, টুর্নামেন্টের বাকি দলগুলোকেও ভোগান্তিতে পড়তে হয়েছে।”

বুচারের মতে, এ ধরনের সিদ্ধান্ত পুরো প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করে। তিনি বলেন, “হঠাৎ করে দলগুলোর সূচি বদলে যায়, এক দেশ থেকে আরেক দেশে উড়তে হয়, সবকিছু ভারতের সুবিধামতো সাজানো হয়। এর প্রভাব পড়ে পুরো টুর্নামেন্টে।”

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে ব্যাখ্যা করে বুচার বলেন, “পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়েছে—তারা টুর্নামেন্টে থাকবে, কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না। কারণ চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে পাকিস্তান ও দুবাইয়ের যৌথ আয়োজনের সুযোগ থাকলেও বাংলাদেশকে সেই ধরনের কোনো ছাড় দেওয়া হয়নি। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “এই অবস্থায় ভারতের জন্য এটা বড় এক বিপর্যয়। শুধু ভারত নয়, আইসিসির জন্যও। কারণ ভারত-পাকিস্তান ম্যাচটি আর্থিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে, এটি না হলে বিশাল অঙ্কের ক্ষতি হবে।”

আইসিসি টুর্নামেন্টগুলোতে বারবার ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার বিষয়টিও প্রশ্ন তুলেছেন বুচার। তার ভাষায়, “দুই দেশের সাধারণ মানুষ ও খেলোয়াড়দের সম্পর্ক মোটামুটি ভালোই। সমস্যা রাজনীতিতে। দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি টুর্নামেন্টে তাদের সব সময় একই গ্রুপে রাখা হয়। কারণ এটি ক্রিকেট বিশ্বের সবচেয়ে লাভজনক ম্যাচ—অনেকে বলেন, পুরো ক্রীড়াঙ্গনেরই সবচেয়ে বড় আয়োজন।”

বুচার বলেন, “অন্য দলগুলোকে কোয়ালিফাই করে গ্রুপে যেতে হয়, ড্রয়ের মাধ্যমে ভাগ করা হয়। কিন্তু ভারত ও পাকিস্তান সব সময় একই গ্রুপে—এটা কোনো কাকতালীয় নয়। এটি ওপর থেকেই নির্ধারিত।”

পাকিস্তানের এই অবস্থান শেষ পর্যন্ত কী রূপ নেয়, আর আইসিসি কী সিদ্ধান্ত নেয়—সেদিকেই এখন তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।